নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময় করেছেন। এসময় সাংবাদিকদের ন্যায্য দাবি ও পেশাগত সমস্যার সমাধান ছাড়া দেশের গণমাধ্যমের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘সাংবাদিক সমাজ, তাদের সমস্যা সমাধান না করে গণমাধ্যমের সমস্যা সমাধান করা যাবে না।’
জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমাদের মন্ত্রণালয়ের এবং এই সরকারের নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে গণমাধ্যমের যে স্বাধীনতার কথা বলা হয়েছে, আমরা সে আলোকে আমাদের কর্মকৌশল এবং কর্মপরিকল্পনা আপনাদের সামনে শিগগিরই হাজির করব।
তথ্যমন্ত্রী আরো বলেন, ‘তার আগে সাংবাদিক মহলসহ সকল অংশিদারদের সঙ্গে আমরা ধৈর্যের সঙ্গে মতবিনিময় এবং পরামর্শ করব।’
এ সময় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-এর মহাসচিব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-এর সভাপতি শহিদুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
























