পটুয়াখালীর কলাপাড়ায় জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ অনুমোদনহীন ও ভেজাল কোমল পানীয় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার (১৫ মে, ২০২৬) কলাপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কবি নজরুল ইসলাম সড়ক সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কাউছার হামিদের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত ওই এলাকার একটি ভাড়া বাসার নিচতলায় পরিচালিত কারখানায় হানা দেয়। এসময় বিএসটিআই-এর অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ৩,৭২০ পিস ভেজাল কোমল পানীয় (ব্র্যান্ড নাম: ড্রিংকোর) জব্দ করা হয়।
কারখানাটিতে কোনো বৈধ কাগজপত্র না থাকায় এবং জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায়
প্রতিষ্ঠানের মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
অনাদায়ে ও অপরাধের গুরুত্ব বিবেচনায় মালিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
একই সাথে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে এবং জব্দকৃত পানীয়গুলো রোলার দিয়ে পিষ্ট করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার জনাব কাউছার হামিদ জানান, কলাপাড়া উপজেলার কোথাও যেন কোনো অনুমোদনহীন বা ভেজাল পণ্যের কারখানা গড়ে উঠতে না পারে, সেজন্য প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। তিনি আরও অনুরোধ করেন, যদি কোথাও এমন অবৈধ কারখানার সন্ধান পাওয়া যায়, তবে যেন তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়।
ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে এই কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন কলাপাড়ার সচেতন মহল।






















