‘বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ ছবি আঁকা প্রতিযোগিতা ২০২৫’-এ পুরস্কার দেওয়া হয়েছে ১৪৩ শিক্ষার্থীকে। দুই ক্যাটাগরিতে অংশগ্রহণকারী এসব শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে (হল নম্বর-৪) এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্যাটাগরি-১ এ (তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণি) প্রথম পুরস্কার পেয়েছে আরাত্রিকা বড়াল, দ্বিতীয় হয়েছে রাইছা ইসলাম জেছি এবং তৃতীয় স্থান অধিকার করেছে সৌভিক সাহা।
তাদের ক্রমান্বয়ে তিন লাখ, দুই লাখ এবং এক লাখ টাকা পুরস্কার দেওয়া হয়।
ক্যাটাগরি-২ (সপ্তম থেকে দশম) থেকে প্রথম স্থান অধিকার করেছে সুপ্রভা সাহা। সে তিন লাখ টাকা পুরস্কার পেয়েছে। এ ছাড়া দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে মো. ইমরুল কায়েস রাফসান ও নাদিদ।
তারা যথাক্রমে দুই লাখ ও এক লাখ টাকা পুরস্কার পেয়েছে।
বিশেষ ক্যাটাগরিতে (বিশেষ চাহিদাসম্পন্ন শিশু) পুরস্কার পেয়েছে মায়াস রাসদান এজাজ। তাকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে।
বিজয়ী শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ ও গণ-অভ্যুত্থানের চেতনাকে গভীর অনুভূতি ও পরিণত ভাবনায় ছবিতে তুলে ধরে দর্শক ও বিচারকদের প্রশংসা কুড়ায়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববরেণ্য চিত্রশিল্পী শিল্পগুরু মনিরুল ইসলাম। এ আয়োজনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান ইয়াশা সোবহান। এ ছাড়া সম্মানিত বিচারকমণ্ডলী আবদুস শাকুর শাহ, ফরিদা জামান, আফজাল হোসেন ও ধ্রুব এষ উপস্থিত ছিলেন।
বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বমোট ৫৮৭১ জন প্রতিযোগী অংশ নেয়। এই আয়োজনের মূল থিম ছিল—‘একাত্তরের মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থান’।
























