গণতন্ত্রের টিকেট নিতে খালেদা জিয়াকে বর্জন করুন: বিএনপিকে ইনু

নিজস্ব প্রতিবেদক: তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচনের পথে বিএনপিকে জঙ্গি ও খালেদা জিয়াকে বর্জন করতে হবে। রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান প্রাঙ্গনে জাতীয় পতাকার অন্যতম রূপকার ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী আরেফ আহমেদের ১৮তম শাহাদৎ দিবস উপলক্ষে স্মরণসভায় তিনি একথা বলেন। এর আগে সেখানে কাজী আরেফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন মন্ত্রী।
তথ্যমন্ত্রী আরো বলেন, ‘জামায়াতের সাথে বন্ধুত্ব, যুদ্ধাপরাধীদের পক্ষ নেয়া, আগুনসন্ত্রাস ও মানুষ পুড়িয়ে বিএনপি রাজনীতিতে যে ভুল করেছে, তার খেসারত দিতে হবে। গণতন্ত্রের টিকেট নিতে বিএনপিকে জঙ্গিসন্ত্রাসী, তাদের সমর্থক এবং মানুষ পোড়ানোর কারিগর বেগম খালেদা জিয়াকে বাদ দিতে হবে। মনে রাখতে হবে নির্বাচন অপরাধীদের হালাল করার দর কষাকষির বিষয় নয়।’
‘দেশে জঙ্গিসন্ত্রাসের এত উৎপাত কখনই হতো না যদি সামরিক জান্তা জিয়া পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর নেমে আসা অন্ধকারের গর্ত থেকে রাজাকার-যুদ্ধাপরাধীদের তুলে না আনতেন ও বিএনপি নেত্রী খালেদা জিয়া তাদের মদদ না দিতেন’, বলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
ইনু বলেন, ‘যথাসময়ে নির্বাচন হবে এবং জঙ্গিদমনও অব্যাহত থাকবে। নির্বাচনের পথে জঙ্গিদমনের কাজে একচুলও ছাড় দেয়া হবে না।’
জাসদের ঢাকা পশ্চিমের সভাপতি মাইনুর রহমানের সভাপতিত্বে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপিসহ নেতৃবৃন্দের মধ্যে মীর হোসেন আখতার, বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, নূরুল আখতার, নূরুন্নবী, বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সামছুল ইসলাম সুমন, কাজী সিদ্দিকুর রহমান, হাজী আব্দুস সালাম, রফিকুল ইসলাম রাজা প্রমূখ সভায় বক্তব্য রাখেন।


























