ধ্বংসস্তূপ থেকে পুনরায় উন্মুক্ত করা হলো হবিগঞ্জ জেলা শাখা বাংলাদেশ আওয়ামী লীগ-এর কার্যালয়। তবে উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই আবারও আগুন লাগার ঘটনায় জেলা আ.লীগ নেতাকর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শহরের টাউন হল এলাকায় অবস্থিত জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলীয় কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়। দীর্ঘদিন পর কার্যালয় চালু হওয়ায় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকালে প্রায় ১০–১২ জন নেতাকর্মী কার্যালয়ের সামনে জড়ো হয়ে দলীয় স্লোগান দেন এবং পরে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। এ সময় হবিগঞ্জ সদর ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলা ও সদর উপজেলা যুবলীগ, জেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীসহ তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সকল ষড়যন্ত্র ও বাধা মোকাবিলা করে আওয়ামী লীগ অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী এই দলকে কোনো অপশক্তি দমিয়ে রাখতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না বলে তারা মন্তব্য করেন। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার ও ঐক্যবদ্ধভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়। কার্যালয় পুনরায় চালুর কয়েক ঘণ্টার মধ্যেই দুপুরে হঠাৎ করে ভবনের ভেতরে আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয়রা ধোঁয়া দেখতে পেয়ে আগুন নিভানোর চেষ্টা করেন। এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান আগুন লাগার বিষয়টি আমাদেরকে জানায়নি।
-
হবিগঞ্জ প্রতিনিধি : সৌমিত্র কুমার দাস
- আপডেট সময় : ০৪:৪৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- 39
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















