বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের বাগানঘোনা এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দুটি পিস্তল ও ৪২ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এই অভিযানের সময় বিজিবি সদস্যরা মো. ফারুক (২১) নামের এক রোহিঙ্গা যুবক ও আরেকজনকে আটকে ধরে।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে আটক করা হয় ফারুক নামে রোহিঙ্গা যুবককে, যিনি ৯ মি.মি. পিস্তল (মেড ইন যুগোস্লাভিয়া) এবং অজ্ঞাত ধরনের একটি পিস্তলের সাথে ৪২ রাউন্ড তাজা গুলিও বহন করছিলেন। ফারুক রোহিঙ্গা ক্যাম্প-১৩-এর ব্লক এফ-১ এর বাসিন্দা মো. হোসেনের ছেলে।
পরবর্তী সময়ে আটককৃত রোহিঙ্গা যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকডালা বাজার এলাকায় আরেক অভিযান চালিয়ে নুরুল আলম (৩০) নামক আরো একজনকে আটক করা হয়। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের প্রধানঝিরি এলাকার সোলেমানের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন, তারা ‘আয়াতুল্লাহ’ নামে এক ব্যক্তির নির্দেশে মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে দুটি অস্ত্র বহন করছিলেন। তাদের পরিকল্পনা ছিল নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের একটি হোটেলে অন্য একটি পক্ষের কাছে এসব অস্ত্র হস্তান্তরের।
আটককৃতরা বর্তমানে অস্ত্র ও গোলাবারুদসহ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) হেফাজতে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করেছে। এর ধারাবাহিকতায় এই অভিযান সফলভাবে পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






















