চাঁদপুরের হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কে.বি.এন উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান এবং একই সাথে প্রতিষ্ঠানের অফিস সহকারী ও নৈশ প্রহরীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের মাধ্যমে সভার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দের পক্ষ থেকে বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করা হয়। শিক্ষকদের বক্তব্যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় ধৈর্য ও নিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাজহারুল ইসলাম সফিক। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের মেধার বিকাশে গুরুত্বারোপ করে বলেন, “বিতর্ক প্রতিযোগিতায় এই স্কুল বরাবরই ভালো ফলাফল করে আসছে, যা অত্যন্ত গর্বের বিষয়। বর্তমান সরকার শিক্ষাবান্ধব এবং শিক্ষা খাতের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে।” পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি পরামর্শ দিয়ে বলেন, “পরীক্ষায় প্রতিটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবে এবং পড়ার টেবিলের সাথে গভীর সম্পর্ক বজায় রাখবে। তোমরাই আগামীদিনের জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
বিশেষ অতিথির বক্তব্যে হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব নাজমুল হাসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “স্কুল জীবনের বন্ধুরাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু। তোমরা যদি মনোযোগ দিয়ে পড়ালেখা শেষ করো, তবে তোমরাই ভবিষ্যতে দেশের বড় বড় পদে আসীন হয়ে দেশ ও দশের সেবা করতে পারবে।”
এছাড়াও সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ সৈয়দ আহম্মেদ পাটওয়ারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন যেন তারা ভবিষ্যতে সুনাগরিক হয়ে দেশের সেবা করতে পারে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌধুরী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ইকবাল হোসেন উপস্থিত ছিলেন
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীল ও প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক রাকিবুল হাসান রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কে.বি.এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বিশ্বজিত নাথ।
অনুষ্ঠানের এক পর্যায়ে দীর্ঘদিনের কর্মস্থল থেকে অবসর নেওয়া বিদ্যালয়ের অফিস সহকারী ও নৈশ প্রহরীর হাতে সম্মাননা স্মারক ও বিদায়ী উপহার তুলে দেওয়া হয়। সমাপনী বক্তব্যে প্রধান শিক্ষক জনাব বিশ্বজিত নাথ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও মঙ্গল কামনা করেন। পরিশেষে, পরীক্ষার্থীদের চূড়ান্ত সাফল্য ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।






















