চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঞ্চল্যকর নারী ও শিশু নির্যাতন মামলার দীর্ঘদিনের পলাতক আসামি সৈকত শীলকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব-৭। গত বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাটহাজারী উপজেলার বড় দিঘিরপাড় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, ধৃত সৈকত শীল সীতাকুণ্ডের গোলাবাড়িয়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলার পর থেকেই সে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭-এর একটি চৌকস দল বড় দিঘিরপাড় এলাকায় তার অবস্থান নিশ্চিত করে এই সফল অভিযান চালায়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান:
“গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, সীতাকুণ্ডের মামলার এজাহারভুক্ত আসামি হাটহাজারী এলাকায় অবস্থান করছে। রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।”
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র্যাব আসামি সৈকত শীলকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।






















