ঐতিহ্যবাহী হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। আজ বুধবার উপজেলার চরভাঙ্গা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব অমিত রায়।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোস্তফা কামাল, এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার।
এছাড়াও রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মো: মাজহারুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক,হাইমচর উপজেলা বিএনপি।
হারুন অর-রশিদ: মহাসচিব, বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি।
মাওলানা আব্দুর রহমান: অধ্যক্ষ, গন্ডামারা এবিএস ফাজিল মাদ্রাসা।
সর্দার মো: আবু তাহের: যুগ্ম-সাধারণ সম্পাদক, হাইমচর উপজেলা বিএনপি।
শেখ মো: আবু জাফর: সভাপতি, হাইমচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।
নবগঠিত কার্যকরী কমিটি
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ৩১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী নবগঠিত কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। হাইমচর উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মো: মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী এই কমিটি ঘোষণা করেন।
কমিটিতে বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: আব্দুল মান্নান সিকদার সভাপতি এবং গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: সাখাওয়াত হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সভাপতির প্রতিক্রিয়া ও আগামীর অঙ্গীকার
নবগঠিত কমিটির সভাপতি জনাব মো: আব্দুল মান্নান সিকদার এক আবেগঘন বক্তৃতায় সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইতিপূর্বে তিন বার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা অভিজ্ঞ এই শিক্ষক নেতা বলেন:
”শিক্ষকতা কেবল পেশা নয়, এটি একটি মহান ব্রত। শিক্ষকদের অধিকার রক্ষা এবং পেশাগত মানোন্নয়ন নিশ্চিত করাই হবে আমার প্রধান চ্যালেঞ্জ। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার থাকব এবং সমাজের দর্পণ হিসেবে শিক্ষকদের সামাজিক মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি শিক্ষার আধুনিকায়ন ও শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান নিশ্চিত করতে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং তার ওপর অর্পিত দায়িত্ব পালনে সবার দোয়া ও পরামর্শ কামনা করেন।
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীল ও প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন কমলাপুর ভিঙ্গুলিয়া নয়ানী (কেভিএন) উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: রকিবুল হাসান এবং নীল কমল ওসমানীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মো: মাহবুবুর রহমান।
সম্মেলনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। নবগঠিত এই কমিটি উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এবং শিক্ষকদের আস্থার প্রতীক হয়ে দাঁড়াবে বলে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন।






















