নারায়ণগঞ্জ, ৪ মে ২০২৬ (সোমবার):
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ৪২ পুরিয়া হেরোইনসহ এক মাদক কারবারি এবং ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, ৪ মে ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৬নং ওয়ার্ডের এসও মিম বিরানী হাউজের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম রানা (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
পরবর্তীতে একই দিন ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর ঢাল সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে মোঃ মনির হোসেন ওমর (২৮), মোঃ রমজান (২৮), মোঃ রিয়াজ (২৩) ও সবুজ (৪৭) নামের চারজনকে গ্রেফতার করা হয়। তাদের দেহ তল্লাশি করে ২টি ছুরি ও ১টি চাপাতি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং ডাকাতি প্রস্তুতি সংক্রান্ত ধারায় পৃথক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।






















