চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁও গ্রামে চলাচলের রাস্তা উদ্ধার করতে মানববন্ধন করলো এলাকাবাসী। গত ১০ এপ্রিল শুক্রবার বিকেলে উক্ত গ্রামের বৃহত্তর মিজি বাড়ীর কয়েক’শ জনগণের চলাচলের রাস্তাটিতে পাশ্বস্থ জৈনিক ব্যক্তি ভবনের বারান্দা তৈরি করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও মামলা, হুমকি দমকির কারনে শতশত পথচারী এ মানববন্ধন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
ঘটনার বিবরনে জানা যায়, ভাটেরগাঁও গ্রামের মিজি বাড়ীর লোকজনের গত প্রায় ৩০ বছর যাবত চলাচলের একমাত্র রাস্তা হলো এই রাস্তাটি। যা বিভিন্ন সময় সরকারী বরাদ্ধে মেরামত করা হয়ে আসছে। কিন্তু জৈনিক আব্দুর রব মিজি গত কয়েক বছর আগে উক্ত রাস্তাটির পাশে সাড় ৬ শতাংশ সম্পত্তি ক্রয় করে সম্প্রতি দালান নির্মাণ শুরু করে। তিনি রাস্তার কিছু অংশ দখল করে দালানের বারান্দা তৈরির কাজ করতে থাকেন। এনিয়ে এলাকার চলাচলকারী লোকজন রাস্তা দাবি করে বাধা দিয়ে দেন দরবারে মিলিত হন। কিন্তু কয়েক দফা দেন দরবারে রাস্তাটির দখলমুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত হলেও আব্দুর রব মিজি তা না মেনে নিজের সম্পত্তি বলে দাবী করে নির্মাণ কাজ করেন। ফলে গত কিছু দিন আগে চলাচলকারী লোকজন একত্রিত হয়ে রাস্তাটি উদ্ধার করতে বারান্দার কিছু অংশ ভেঙ্গে ফেলে। তখন আব্দুর রব মিজি থানায় অভিযোগ দিয়ে মামলা করে পুলিশ দিয়ে চলাচলকারী লোকজনকে হুমকি দমকি ও হয়রানি শুরু করে। এরই প্রতিবাদে ও এলাকার জনগণের চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তাটি উদ্ধার করতে গণস্বাক্ষরের পাশাপাশি মানববন্ধন করেন। এছাড়া তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এ ব্যাপারে রাস্তা দিয়ে চলাচলকারী লোকজনের পক্ষ থেকে মো জাকির হোসেন মিজি জানান, এ রাস্তাটি প্রায় ৫’শত লোকজনের চলাচলের একমাত্র রাস্তা। যা দিয়ে গত ৩০বছর যাবত লোকজন চলাচল করে আসছে। কয়েকবার সরকারি বরাদ্ধে মেরামত হয়। কিন্তু রাস্তাটি দখল করে রব মিজি জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এনিয়ে বহু দেন দরবার হলে রাস্তা থেকে তার বারান্দা অপসারণের সিদ্ধান্ত হয়। কিন্তু রব মিজি দেন দরবার না মেনে উল্টো আমাদেরকে হুমকি দমকি ও মামলা দিয়ে হয়রানী করে আসছে। আমরা এখন নিরাপত্তাহীনতা ভুগছি। আমরা এলাকাবাসী ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
উক্ত অভিযোগের বিষয়ে আব্দুর রব মিজির স্ত্রী শামছুন্নাহার বেগম জানান, আমরা এই সম্পত্তি কিনে দালান করতেছি। তারা রাস্তা দাবী করে জোর করে আমাদের বারান্দা ভেঙে দিয়েছে। তাই আমরা আইনের আশ্রয় নিয়েছি।
শাহমাহমুদপুরের ভাটেরগাঁওয়ে চলাচলের রাস্তা উদ্ধার করতে এলাকাবাসীর মানববন্ধন
-
মোঃ আতিক হাসান (চাঁদপুর সদর প্রতিনিধি)
- আপডেট সময় : ০৪:১৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- 77
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















