ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাটোরের বড়াইগ্রামে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জামায়াতে ইসলামীর উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। বড়াইগ্রাম পৌর জামায়াতের আয়োজনে লক্ষ্মীকোল বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে নেতৃবৃন্দ হাদি হত্যাকাণ্ডকে “পরিকল্পিত রাজনৈতিক হত্যা” বলে আখ্যা দেন এবং অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আবুল হোসাইন, উপজেলা সেক্রেটারি আবু বকর সিদ্দিক, সহকারী সেক্রেটারি হাসানুল বান্না উজ্জল, পৌর জামায়াতের আমীর আলমাস হোসেন এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশিকুজ্জামান আকাশ।
বক্তারা বলেন,
“শরীফ ওসমান হাদি শুধু একজন রাজনৈতিক কর্মী ছিলেন না—তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বর। তাঁর হত্যাকাণ্ডের বিচার আজও আলোর মুখ দেখেনি, যা জাতির জন্য লজ্জাজনক।”
এর আগে বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক কর্মসূচি পালন করা হয়। উপজেলা নায়েবে আমীর সিরাজুল ইসলাম কোরবানের নেতৃত্বে ও পৌর আমীর মীর মহিউদ্দিনের উপস্থিতিতে বনপাড়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। একই সময়ে নগর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাসিনুর রহমানের নেতৃত্বে ধানাইদহ বাজারেও অনুরূপ কর্মসূচি পালন করা হয়।
প্রতিটি সমাবেশ থেকেই দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জামায়াত নেতৃবৃন্দ।




















