টাঙ্গাইলের সখিপুর উপজেলার নামদারপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারুফ (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ দেবরাজ গ্রামের হাসমতের মোড় এলাকার বাসিন্দা এবং পরিবারের একমাত্র সন্তান।
পরিবার জানায়, মারুফের বাবা নুরনবী সৌদি আরব প্রবাসী। দুই দিন আগে মা নাজমা আক্তার ছেলেকে একটি নতুন মোটরসাইকেল কিনে দেন। শুক্রবার সকালে সেই মোটরসাইকেল নিয়ে মারুফ নামদারপুর বাজারে যাওয়ার পথে রাস্তার পাশে রাখা ইটের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মোস্তফা কামাল জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রবাসী বাবা নুরনবী দেশে ফিরলে জানাজা ও দাফন সম্পন্ন হবে।
শখের নতুন মোটরসাইকেলেই প্রাণ হারাল সখিপুরের তরুণ মারুফ।
-
উপজেলা প্রতিনিধি, সখিপুর, টাঙ্গাইল: মনির হোসেন
- আপডেট সময় : ০৫:১৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- 24
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















