মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বিদ্যালয়ের অডিটরিয়াম হল রুমে এসএসসপি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এই আয়োজন শুধু আনুষ্ঠানিক বিদায় ছিল না, বরং ছিল জীবনের গুরুত্বপূর্ণ এক বার্তা পৌঁছে দেওয়ার মঞ্চ। যেখানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উচ্চারিত হয় মানবিকতা, নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা গ্রহণের আহ্বান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. মাহমুদুর রহমান। তাঁর বক্তব্যে তিনি বলেন, আজকের সমাজে আমরা নানা সংকটের মুখোমুখি, যার মূলে রয়েছে নৈতিকতার অবক্ষয়। শুধু পুঁথিগত বিদ্যা অর্জন করলেই মানুষ হওয়া যায় না। নৈতিক শিক্ষা, সততা ও মানবিক মূল্যবোধ ছাড়া প্রকৃত মানুষ গড়ে ওঠে না।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তোমরা শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়, বরং একজন সৎ ও আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলবে, সেটাই আমাদের প্রত্যাশা।
বিদ্যালয়ের এক শিক্ষিকার সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে আরও বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক অভিভাবক সদস্য মুহাম্মদ নুরুচ্ছফা, অভিভাবক সদস্য আবরার আহমদ খাঁন ও কমাল উদ্দিন সিদ্দিকী।
অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। তাদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় মোনাজাতে অংশ নেন শিক্ষক, অভিভাবক ও উপস্থিত অতিথিরা।
পরে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা তাদের মাঝে নতুন উদ্দীপনা সঞ্চার করে। দিন শেষে বিদায়ের সুর বেজে উঠলেও, শিক্ষার্থীদের হৃদয়ে গেঁথে থাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, শুধু জ্ঞান নয়, নৈতিকতাই মানুষকে সত্যিকারের বড় করে তোলে।






















