গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলাসহ আশেপাশের এলাকায় তীব্র লোডশেডিংয়ের কারণে এসএসসি পরীক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সরেজমিনে দেখা গেছে, বিদ্যুৎ না থাকায় সন্ধ্যার পর অনেক শিক্ষার্থী বাধ্য হয়ে ল্যাম্পপোস্টের নিচে, রাস্তার পাশে কিংবা মোমবাতির আলোয় পড়াশোনা করছেন।
পরীক্ষার্থীরা জানান, চলমান এসএসসি পরীক্ষার প্রস্তুতির সময় এমন ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট তাদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত সৃষ্টি করছে। অনেকেই রাতে ঠিকমতো পড়তে না পেরে মানসিক চাপ ও দুশ্চিন্তায় ভুগছেন।
স্থানীয় অভিভাবকরাও ক্ষোভ প্রকাশ করে বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে এই ধরনের লোডশেডিং শিক্ষার্থীদের ভবিষ্যতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির দাবি জানান তারা।
বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চাহিদার তুলনায় বিদ্যুতের বরাদ্দ কম থাকা, জ্বালানি সংকট এবং কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে বলেও তারা জানান।
এদিকে গ্রামাঞ্চলে দিনে-রাতে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় পুরো জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে পরীক্ষার্থীদের এই দুর্ভোগ স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
লোডশেডিংয়ে বিপর্যস্ত কোটালীপাড়া, ল্যাম্পপোস্টের নিচে পড়ছে এসএসসি পরীক্ষার্থীরা
-
নিজস্ব প্রতিবেদক, ইয়াসিন খান:
- আপডেট সময় : ০৮:২৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- 28
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















