দেশে হাম ও রুবেলার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এর অংশ হিসেবে রংপুর সিটি করপোরেশন (রসিক) এলাকায় আগামী সোমবার থেকে শুরু হচ্ছে ব্যাপক টিকাদান কর্মসূচি।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে রসিকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ক্যাম্পেইনের আওতায় সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে মোট ৭৮ হাজার ৬২৮ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সিটি প্রশাসক মাহফুজ উন-নবী চৌধুরী ডন জানান, ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত এ কার্যক্রম চলবে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী, অর্থাৎ পাঁচ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে বিনামূল্যে এক ডোজ করে হাম-রুবেলা টিকা দেওয়া হবে।
তিনি বলেন, নগরীর ৩৩টি ওয়ার্ডে স্থাপিত ২৮০টি কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। সরকারি ছুটির দিন ছাড়া মোট ১৪ দিনব্যাপী এ ক্যাম্পেইনে ৩৮টি টিমে বিভক্ত হয়ে প্রায় ১৫০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
ক্যাম্পেইন সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. পলাশ কুমার রায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিভাগীয় পরামর্শক ডা. জুবায়ের আল মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ও বিভিন্ন গণমাধ্যমকর্মী।






















