পটুয়াখালীর বাউফলে গভীর রাতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের এক স্টাফ নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।
সোমবার (৪ মে) রাত সাড়ে ১২টার দিকে বাউফল-ঢাকা মহাসড়কের আফসার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল মাহমুদ (১৮) বাউফল উপজেলার বগা ইউনিয়নের সন্যাসিকান্দা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি ‘বাউফল ট্রাভেলস’ নামের বাসটির সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দশমিনা থেকে ছেড়ে আসা বাসটি বাউফল এলাকায় পৌঁছালে দ্রুতগতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই আল মাহমুদের মৃত্যু হয়। বাসটিতে প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
যাত্রীদের অভিযোগ, দুর্ঘটনার সময় চালক মোবাইল ফোনে কথা বলছিলেন এবং বাসটির গতি ছিল অতিরিক্ত, যার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, বাসটিতে আনুমানিক ২০-২৫ জন যাত্রী ছিলেন। নিহত একজন ছাড়াও আরও একজন গুরুতর আহত হয়েছেন, তাকে বরিশালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মোবাইলে কথা বলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ১, আহত অন্তত ১০
-
মোঃ আব্দুল আল লিখন বাউফল উপজেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:৩৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- 43
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















