চাঁদপুরের হাইমচরে শিক্ষার্থীদের মেধা বিকাশ, সঠিক ক্যারিয়ার নির্বাচন এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত হয়েছে এক ব্যতিক্রমী শিক্ষামূলক উৎসব। ‘চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজী ফাউন্ডেশন’-এর উদ্যোগে উপজেলার ৬টি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্যারিয়ার গাইডলাইন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।
উৎসবমুখর ক্যাম্পাস
গতকাল সোমবার (৪ মে) হাইমচরের শিক্ষা আঙিনায় ছিল সাজ সাজ রব। দিনভর আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ফাউন্ডেশনের এই বিশেষ আয়োজনে ৬টি স্কুল ও মাদ্রাসার মিলনায়তনে পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়। স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি ও মরহুম আব্দুর রহমান মিয়াজীর সুযোগ্য সন্তান, মো: ইব্রাহিম খলিল শামীম।
দক্ষ নাগরিক গড়ার বার্তা
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিসংখ্যান বিভাগের উপ-পরিচালক ও অত্র এলাকার কৃতি সন্তান মোঃ কামাল হোসেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “বর্তমান বিশ্ব তথ্য-প্রযুক্তিনির্ভর। কেবল পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না থেকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও ক্যারিয়ার গঠনে সহায়ক দিকনির্দেশনা প্রদান করেন একঝাঁক গুণী ব্যক্তিত্ব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মওদুদ হাসান ও মোঃ নাসির উদ্দিন, ডাঃ নাজমা আক্তার, মোঃ নাজমুল হোসেন, আইনুল হাসান এবং রাকিব শাহরিয়ার।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কৃতি শিক্ষার্থীদের হাতে মেধা স্মারক ও সম্মাননা তুলে দেওয়া।
উপজেলার যে ৬টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই সম্মাননা লাভ করেছে:
১. দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজ
২. বাজাপ্তী রমণী মোহন উচ্চ বিদ্যালয়
৩. কে.বি.এন. উচ্চ বিদ্যালয়
৪. আলগী বাজার আলীম সিনিয়র মাদ্রাসা
৫. কমলাপুর দাখিল মাদ্রাসা
৬. জামিলায়ে মহিলা দাখিল মাদ্রাসা।
উপস্থিত শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা অভিমত ব্যক্ত করেন যে, গ্রামীণ জনপদের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে এবং উচ্চশিক্ষার পথে সঠিক গাইডলাইন প্রদানে এ ধরনের আয়োজন অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।






















