সিলেটের গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় আহত তিন ব্যক্তিকে মানবিকতা দেখিয়ে নিজ গাড়িতে করে হাসপাতালে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী।
সোমবার (১০ মার্চ) বিকেলে উপজেলার রাধানগর–গোয়াইনঘাট সড়কে একটি দুর্ঘটনায় তিনজন ব্যক্তি আহত হন। দুর্ঘটনার সময় ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী। বিষয়টি দেখতে পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে গাড়ি থেকে নেমে আহতদের খোঁজখবর নেন।
পরিস্থিতি গুরুতর দেখে তিনি বিলম্ব না করে আহত তিনজনকে নিজের সরকারি গাড়িতে করে দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পাশাপাশি আহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করে বিষয়টি অবহিত করেন।
ইউএনও’র এমন মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। উপস্থিত অনেকেই বলেন, দুর্ঘটনার সময় অনেকেই শুধু দাঁড়িয়ে দেখেন, কিন্তু উপজেলা নির্বাহী অফিসার নিজে এগিয়ে এসে আহতদের হাসপাতালে পৌঁছে দিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
স্থানীয় সচেতন মহল ইউএনও রতন কুমার অধিকারীর এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং প্রশাসনের এমন দায়িত্বশীল ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
মানবিকতায় প্রশংসায় ভাসছেন গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী।
-
কবির হোসাইন,গোয়াইনঘাট প্রতিনিধি: - আপডেট সময় : ১১:২৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- 34
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















