মাদারীপুর জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি’র গোয়েন্দাজালে ৪৮৬ টি নিষিদ্ধ আতশবাজী সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের মাদারীপুর ডিবি পুলিশ শহরের উপকন্ঠে খাগদী এলাকায় অভিযান চালিয়ে ঘটমাঝি গ্রামের মৃত ছিদ্দিক সরদারে পুত্র ইসরাফিল সরদার (৪৯)-কে উল্লেখিত আতশবাজী সহ গ্রেফতার করতে সক্ষম হয়। পরে জেলা পুলিশ জব্দকৃত আতশবাজি সহ আটককৃত নিয়ে এক সংবাদ ব্রিফিং করে। সংবাদ ব্রিফিংয়ে জানানো হয় বেশ কিছুদিন যাবৎ মাদারীপুর শহর এবং আশেপাশের অনেক জায়গায় সন্ধ্যার পরে এমনকি অনেক রাতেও বিকট শব্দে আতশবাজি ফুটানো হয়, এতে শিশু-বৃদ্ধ ও অসুস্থ্য ব্যক্তিরা সহ সাধারণ মানুষের মাঝে আতঙ্ক তৈরী হয় এবং পথচারী সহ হার্টের সমস্যায় আক্রান্তরা পড়েন মারাত্মক বিপাকে। এছাড়া, এসব আতশবাজি ফাটানোর ফলে জনমনে ভয়-ভীতি ও চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে, নামাজরত ব্যক্তিরাও এর শব্দে সহসাই আতকে ওঠেন, ভীষণ অস্বস্তি বোধ করেন।
ঈদুল ফিতরকে সামনে রেখে এর আধিক্যও লক্ষ্য করা গেছে। এরই প্রেক্ষিতে মাদারীপুরের এসপি এহতেশামুল হকের নির্দেশনায় অভিযান পরিচালনা করে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। জেলা পুলিশের সংবাদ ব্রিফিং জানানো হয়, আসন্ন ঈদুল ফিতর নির্বিঘ্ন ও জনমনে স্বস্তি বজায় রাখার স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
শরীফ ফায়েজুল কবীর মাদারীপুর জেলা প্রতিনিধি 





















