জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়ার সারিয়াকান্দিকে সংযুক্ত করে যমুনা নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের দাবিতে এবার রাজপথে নেমেছে সর্বস্তরের মানুষ। শনিবার (৯ মে) সকালে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী বাজার চৌরাস্তা মোড়ে আয়োজিত মানববন্ধন যেন রূপ নেয় জনসমুদ্রে। বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষের উপস্থিতিতে পুরো এলাকা হয়ে ওঠে মুখর ও উত্তাল।
“মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু চাই”—এই দাবিকে সামনে রেখে প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলের মানুষের স্বপ্ন এখন একটি স্থায়ী সেতু। তাদের মতে, সেতুটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং ব্যবসা-বাণিজ্য, কৃষি ও শিল্পখাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
বক্তারা আরো বলেন, বর্তমানে যমুনা পাড়ি দিতে মানুষকে নৌপথের ওপর নির্ভর করতে হওয়ায় প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে রোগী পরিবহন, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের যাতায়াতে ভোগান্তি চরম আকার ধারণ করেছে। তারা বলেন, একটি সেতু শুধু যোগাযোগ সহজ করবে না, বরং জামালপুর ও বগুড়াসহ উত্তরাঞ্চলের অন্তত ১৬ জেলার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
মানববন্ধনে বক্তারা আরও জানান, ২০২২ সালের মার্চে সেতু কর্তৃপক্ষের বিশেষজ্ঞ দল এই রুটে প্রাথমিক ট্রাফিক জরিপ সম্পন্ন করেছে। তাই এখন আর দেরি না করে দ্রুত প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের দাবি জানান তারা।
কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, সাবেক মেয়র মোশাররফ হোসেন তালুকদার লেমন, বিএনপি নেতা আব্দুল মান্নান, মাসুদ খান ও খালেদ মাসুদ তালুকদার সোহেলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
এছাড়াও উপজেলা যুবদল, জামায়াতে ইসলামী, সিপিবি ও জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ মানববন্ধনে সংহতি প্রকাশ করেন। দলীয় পরিচয়ের বাইরে সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে এক কণ্ঠে সেতু নির্মাণের দাবি জানান।
বক্তারা সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “দ্বিতীয় যমুনা সেতু এখন আর শুধু দাবি নয়, এটি এ অঞ্চলের মানুষের বাঁচা-মরার প্রশ্ন।” দাবি বাস্তবায়নে গড়িমসি হলে আরও কঠোর আন্দোলনের ইঙ্গিতও দেন তারা।
মাদারগঞ্জ টু সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে হাজারো মানুষের মানববন্ধন কর্মসূচি পালিত।
-
সাদ্দাম হোসাইন ( জামালপুর ) মাদারগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ১১:৪৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- 121
মাদারগঞ্জ টু সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে হাজারো মানুষের মানববন্ধন কর্মসূচি পালিত।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ





















