সোমবার দুপুরে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের দরগার চালা এলাকায় সাংবাদিক মাওলানা হারুন অর রশিদের বাগান থেকে কলারছড়ি কেটে নেওয়ার ঘটনা ঘটে।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার মল্লিকবাড়ি গ্রামের মাওলানা হারুন অর রশিদ ক্রয় সূত্রে মল্লিকবাড়ি মৌজার দরগারচালা এলাকার এসএ- ৬৬৮, ৬৬৭ নম্বর দাগের ৫৪ বিঘা জমির মালিক।
ওই জমির প্রায় ৩০ বিঘা জমিতে তিনি ছয় হাজার চারা লাগিয়ে কলার বাগান করেন।
বাগানের গাছের কলাগুলো ইতোমধ্যে বিক্রয় উপযোগি হয়ে উঠেছে। এ অবস্থায় ৩০-৪০ জন লোকের একটি সংঘবদ্ধ দল গতকাল সোমবার দুপুরে ওই বাগানের প্রায় এক হাজার গাছ কেটে ছড়ি নিয়ে যায়।
ওই সময় বাগানের পাহারাদার শামছুদ্দিন ফকির কলাগাছ কাটায় বাধা দিতে এগিয়ে গেলে তারা তাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়।
বাগান মালিক সাংবাদিক হারুন অর রশিদ জানান, ঘটনার সময় ৩০-৪০ জন লোকের একটি সংঘবদ্ধ দল তার বাগানের প্রায় এক হাজার কলাগাছ কেটে ছড়িগুলো নিয়ে গেছে।
এতে, কমপক্ষে তার ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এবিষয়ে তিনি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।






















