সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে এক কর্মী সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ মে ২০২৬) বিকাল ৩টায় রাধানগর বাজারস্থ ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা তাঁতী দলের আহ্বায়ক অ্যাডভোকেট মো. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা তাঁতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল।
প্রধান বক্তার বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সিলেট জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নূর আহমদ বলেন, “দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী দিনের আন্দোলন-সংগ্রামে তাঁতী দলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকারিয়া রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক ডা. নূর মোহাম্মদ।
উপজেলা তাঁতী দলের সদস্য সচিব মান্নান আহমেদ ও যুগ্ম আহ্বায়ক লোকমান আহমদের যৌথ সঞ্চালনায় আয়োজিত কর্মী সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের তাঁতী দল, বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত নেতারা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মী সম্মেলন শেষে সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম দিলদার হোসেন সেলিমের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
সভায় উপজেলা তাঁতী দলের সদস্য সুহিন আহমদ, বিলাল উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মধ্য জাফলংয়ে তাঁতী দলের কর্মী সভা ও সাবেক এমপি মরহুম দিলদার হোসেন সেলিমের মৃত্যুবার্ষিকী পালিত
-
কবির হোসেন, গোয়াইনঘাট প্রতিনিধি:
- আপডেট সময় : ০২:১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- 43
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















