কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা, পৌর ও এর অঙ্গ-সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে গত সোমবার ১৬ মার্চ ২০২৬ সালের পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এই বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে ভেড়ামারা উপজেলার বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবী এবং শ্রমজীবী সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দোয়া ও ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাজাহান আলী এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান জুয়েল। ইফতারের আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান, সাবেক চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় দেশের সঠিক ও ন্যায়ভিত্তিক পরিচালনা, সফলতা এবং জনগণের কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের (যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ) বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আবু ওবাইদা-আল-মাহাদী, কুষ্টিয়া 





















