কুষ্টিয়ার ভেড়ামারায় ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় সুন্দর ও মনোরম পরিবেশে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ মে) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভেড়ামারা কর্তৃক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়া, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কুষ্টিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষিবিদ মোঃ আব্দুল করিম, জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়া । কৃষিবিদ শেখ সাজ্জাদ হোসেন, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর অঞ্চল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা সুলতানা পলি।
বক্তারা বলেন, বাংলাদেশের কৃষি ও গ্রামীণ রূপান্তরের মাধ্যমে পুষ্টি নিশ্চিত করা, উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু সহিষ্ণু কৃষি ব্যবস্থা গড়ে তোলাই এই ‘পার্টনার’ প্রকল্পের মূল উদ্দেশ্য। বিশ্বব্যাংক ও ইফাদ (IFAD)-এর সহযোগিতায় পরিচালিত এই কার্যক্রম প্রান্তিক পর্যায়ের কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সাথে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উক্ত কংগ্রেসে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, কৃষি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক কৃষক প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি নিয়ে বিস্তারিত পরামর্শ প্রদান করা হয়।###






















