ময়মনসিংহের ভালুকায় দলের ভেতরে সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ভালুকা উপজেলা বিএনপির দুই নেতাকে বহিষ্কৃত করা হয়েছে।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জামিরদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. খোকা মিয়া এবং সাবেক ছাত্রনেতা ও বিএনপি কর্মী তোফায়েল আহমেদ রানা। এ দুই বহিষ্কৃত নেতার সম্পর্ক বাবা ও ছেলে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. খোকা মিয়া ও সাবেক ছাত্রনেতা তোফায়েল আহমেদ রানার বিরুদ্ধে সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ পেয়ে তাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সংগঠনের শৃঙ্খলা রক্ষা এবং সহিংসতা প্রতিরোধে বিএনপি কঠোর অবস্থান নিয়েছে এমনটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।






















