তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় একটি বিশাল গণমিছিল আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা মোবারক হোসাইনের সমর্থকরাই এ গণমিছিলের আয়োজন করেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আশুগঞ্জ উপজেলা সদরের রওশন আরা জলিল স্কুল অ্যান্ড কলেজ চত্বর থেকে মিছিলটি শুরু হয়। এতে হাজারো মানুষ অংশ নেন। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আশুগঞ্জ গোলচত্বরে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীরা দাঁড়িপাল্লা প্রতীক হাতে স্লোগান দিতে থাকেন।
পরে আশুগঞ্জ গোলচত্বর এলাকার মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগর একাংশ) আসনের পরিচালক মাওলানা এনাম খান।
সমাবেশে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা মোবারক হোসাইন। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আবুল বাশার, অফিস সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. রুকন উদ্দিন, আশুগঞ্জ উপজেলা জামায়াতের আমির শাহজাহান ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।
গণমিছিলে অংশগ্রহণকারীরা তফসিল ঘোষণার জন্য প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানান।




















