ভোলায় বিএনপি নেতা মো. জাকির ফরাজীর মুক্তির দাবিতে তাঁর অনুসারীরা বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। এ সময় প্রায় দুই ঘণ্টা ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পরীক্ষার্থীরা।
বুধবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে ভোলা শহরের বাংলাবাজার এলাকায় মানববন্ধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেন এবং টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়।
স্থানীয় সূত্র জানায়, ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী-১৩ লঞ্চে অভিযান চালিয়ে কোস্ট গার্ড মো. জাকির হোসেনকে আটক করে। অভিযানের সময় তাঁর কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়।
কোস্ট গার্ডের দাবি, আটক ব্যক্তি ভোলা সদর উপজেলার কোরালিয়া খায়েরহাট এলাকার বাসিন্দা এবং তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তাঁকে আটক করা হয় এবং পরে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
অন্যদিকে, জাকির ফরাজীর অনুসারীদের অভিযোগ—তিনি নির্দোষ, তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তাঁরা তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
অবরোধ চলাকালে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন দীর্ঘ সময় আটকা পড়ে। এতে জরুরি কাজে বের হওয়া মানুষ এবং পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হন।
পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে দুপুরের দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
বিএনপি নেতা জাকির ফরাজীর মুক্তির দাবিতে ভোলায় সড়ক অবরোধ, যাত্রীদের দুর্ভোগ
-
মোঃ মহিম, ভোলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:২৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- 48
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















