সাতক্ষীরার কলারোয়ায় বাড়ির দরজায় বোমা সদৃশ বস্তু ঘিরে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার চন্দনপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়ায় দুই বোন সাজেদা ও মাজিদার বাড়িতে।
ভুক্তভোগীরা জানান, আজ সকালে ঘুম থেকে উঠে ঘরের বাইরে বের হতে গেলে দরজায় একটি বোমা সদৃশ বস্তু বাঁধা অবস্থায় দেখতে পান তারা। ভয়ে তারা বাইরে বের হতে পারেননি। পরে বিষয়টি স্থানীয়দের জানান তারা।
ভুক্তভোগীদের দাবি, কয়েক মাস আগে প্রতিবেশীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এরপর থেকেই তাদের বাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। মাঝেমধ্যে কে বা কারা বাড়ির ভেতরে বাজি সদৃশ বস্তু রেখে যায় বলেও অভিযোগ করেন তারা।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এলাকা ঘিরে রাখা হয়েছে। এ ছাড়া যশোর থেকে বোমা নিষ্ক্রিয়কারী (বোম্ব ডিসপোজাল) ইউনিট খবর দেওয়া হয়েছে। তারা এসে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার ও নিষ্ক্রিয় করবে বলে জানিয়েছে পুলিশ।কলারুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চন্দনপুর গ্রামের সাজেদা খাতুন ও মাজেদার বাড়ির দরজায় দুটি ও বাড়ির প্রবেশপথে একটি গাছে আরেকটি বোমা সদৃশ বস্তু ঝুলানো রয়েছে। যশোরের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ৮টা) পুলিশ মোতায়েন রয়েছে ঘটনাস্থলে।
বাড়ির দরজায় বোমা সদৃশ বস্তু ঘিরে আতঙ্ক, পুলিশ মোতায়েন
-
নিজস্ব প্রতিবেদক, বাংলার সংবাদ
- আপডেট সময় : ১১:১৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
- 38
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















