পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরি ইউনিয়নের সিংহেরাকাঠী গ্রামের এক দরিদ্র পরিবারে একসঙ্গে জন্ম নেয় পাঁচ নবজাতক তিন ছেলে ও দুই মেয়ে। এই বিরল ঘটনা যেমন আনন্দের, তেমনি পরিবারের জন্য হয়ে উঠেছে বড় এক দুশ্চিন্তার কারণ।
গত ৬ অক্টোবর ২০২৫ জন্ম নেওয়া শিশুদের লালন-পালন, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন পিতা সোহেল হাওলাদার। সীমিত আয়ের এই পরিবারে হঠাৎ করেই পাঁচ সন্তানের দায়িত্ব এসে পড়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।
এমন বাস্তবতায় শুরু থেকেই পাশে দাঁড়িয়েছেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি নিয়মিতভাবে পরিবারের খোঁজখবর নিচ্ছেন এবং আর্থিক সহায়তা প্রদান করছেন, যা পরিবারটির জন্য বড় সহায়ক হয়ে উঠেছে।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ড. মাসুদ এমপির পক্ষ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাউফল উপজেলা শাখার নেতৃবৃন্দ সোহেল হাওলাদারের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত আমির মাওলানা রফিকুল ইসলাম ও সহকারী সেক্রেটারি এটিএম নজরুল ইসলাম।
নেতৃবৃন্দ জানান, মানবিক দায়বদ্ধতা থেকে এই পরিবারটির পাশে থাকার অঙ্গীকার অব্যাহত থাকবে। তাদের এই উদ্যোগ এলাকাবাসীর কাছেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
পাঁচ নবজাতকের পিতা সোহেল হাওলাদার বলেন, একসঙ্গে পাঁচ সন্তান জন্মের পর আমি খুবই দিশেহারা হয়ে পড়েছিলাম। কিন্তু শুরু থেকেই ড. মাসুদ এমপি ও জামায়াতের নেতারা আমাদের পাশে আছেন এটা আমাদের জন্য বড় স্বস্তির।
অন্যদিকে উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা রফিকুল ইসলাম বলেন, মানুষের কল্যাণে কাজ করাই আমাদের দায়িত্ব। ড. মাসুদ এমপি শুরু থেকেই এই পরিবারের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
১৬.০৪.২৬






















