পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ফেরিঘাটে বিদ্যুৎ না থাকায় অন্ধকারে পা পিছলে লোহালিয়া নদীতে পড়ে জহিরুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার কনকদিয়া ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয়দের বরাতে জানা যায়, ঢাকায় এক আত্মীয়ের জানাজায় যোগ দিতে বাড়ি থেকে রওনা দেন জহিরুল ইসলাম। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বগা ফেরিঘাটে পৌঁছে ফেরিতে ওঠার সময় ঘাট এলাকায় বিদ্যুৎ না থাকায় চারপাশ অন্ধকার ছিল। এ সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি নদীতে পড়ে যান।
ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। জেলেরা রাতভর নদীতে খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে বগা ও দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়, তবে তাতেও কোনো সফলতা মেলেনি।
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাব্বির আহমেদ জানান, সকালে ডুবুরি দল ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বুধবার দুপুর ১টা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।






















