সারাদেশের মত চট্টগ্রামেও এসএসসি’র বাংলা প্রথম পত্র পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় এই পরীক্ষা শুরু হয়। চট্টগ্রাম জেলায় ৬৯২, কক্সবাজার জেলায় ১৪৫ জন, রাঙামাটি জেলায় সাত ৫৮, খাগড়াছড়ি জেলায় ৬৫ এবং বান্দরবানে ৪৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার ১ লাখ ৩০ হাজার ৭২৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৩৫১ জন এবং ছাত্রী ৭৪ হাজার ৩৭৩ জন। চট্টগ্রাম নগরী ও জেলার মোট ২১৮টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রশ্নপত্র ফাঁসের গুজব রোধে এবার বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সুত্রে জানা গেছে, এসএসসির পরীক্ষার প্রথম দিনে এক হাজার তিনজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। নানা সমস্যা বা অসুস্থতার কারণে অনেকেই পরীক্ষায় দিতে পারেননি, এমনটি ধারণা করা গেছে । কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।
তিনি জানান, এবারের পরীক্ষার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চলমান তাপপ্রবাহ। পরীক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত খাবার পানি এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। বিদ্যুৎ বিভ্রাট এড়াতে স্থানীয় বিদ্যুৎ বিভাগকে বিশেষ অনুরোধ জানানো হয়েছিল, যার ফলে অধিকাংশ কেন্দ্রে পরীক্ষা চলাকালীন লোডশেডিংয়ের সমস্যা দেখা দেয়নি।






















