নিজেদের খেলার মাঠ আর বসতভিটার জমি রক্ষার দাবিতে এবার সরব হয়ে উঠেছেন গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ প্রতাপপুরের মানুষ। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে আয়োজিত এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে নারী-পুরুষ মিলিয়ে হাজারো মানুষের ঢল নামে এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, দক্ষিণ প্রতাপপুর মৌজার একাধিক দাগ—১১৪, ৪৬, ৪৪, ৪৫, ৫১, ৫২, ১২০, ১২২, ১২৩, ১১৫, ৯৫ ও ১১৮—মিলিয়ে প্রায় ১৬ একর রেকর্ডীয় জমিকে ‘হাজীপুর বালুমহাল’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা তারা সম্পূর্ণ অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। তাদের ভাষ্য, হাজীপুরে বালুর অস্তিত্ব না থাকলেও প্রতাপপুরের আবাদি জমি ও বসতভিটাকে বালুমহালের আওতায় এনে ইজারা দেওয়ার চেষ্টা চলছে।
সমাবেশে বক্তারা আরও জানান, ইজারাপ্রাপ্তরা এখনো সরাসরি দখল না নিলেও স্থানীয় একটি প্রভাবশালী চক্র ইতোমধ্যে ‘বালু খেকো’ রূপে সক্রিয় হয়ে উঠেছে। তারা অভিযোগ করেন, প্রভাবশালীরা উচ্চপর্যায়ের ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতিরাতে খেলার মাঠ ও বাগান থেকে অবাধে বালু উত্তোলন ও পাচার করছে।
এদিকে, রাতভর ট্রাক চলাচলের কারণে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। স্থানীয়দের দাবি, এই বিশৃঙ্খলার ফলেই সম্প্রতি এক অসুস্থ রোগী সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে প্রাণ হারান—যা পুরো এলাকাকে শোক ও ক্ষোভে স্তব্ধ করে দিয়েছে।
প্রতিবাদ সমাবেশে বীর মুক্তিযোদ্ধা শামছুল হক, শ্রী ময়না দেবনাথ, কাদির মৌলভী, শ্রী নিরঞ্জন নাথ, ফখর উদ্দিন, আব্দুল মতিন, আবু বক্কর ও ইমতাজুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
সমাবেশ থেকে দ্রুত এই জমিগুলোকে বালুমহালের তালিকা থেকে বাদ দেওয়ার জোর দাবি জানানো হয়। পাশাপাশি অবৈধ বালু উত্তোলন ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেওয়া হয়।
প্রতাপপুরে মাঠ বাঁচাতে রাস্তায় মানুষ, বালুমহাল নিয়ে তীব্র ক্ষোভ
-
কবির হোসেন গোয়াইনঘাট প্রতিনিধি
- আপডেট সময় : ০১:২৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- 46
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















