দুমকি (পটুয়াখালী):
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) চলমান একাডেমিক সংকট নিরসনে এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবন সচল রাখতে আগামী ১৭ মে থেকে রুটিন মাফিক সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিক্ষকরা এই সিদ্ধান্ত জানান।
সংবাদ সম্মেলনে শিক্ষকরা বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি এবং শাটডাউন কর্মসূচীর কারণে দীর্ঘ সময় ধরে একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থীরা ভয়াবহ সেশনজটের শঙ্কায় রয়েছেন। শিক্ষার্থীদের এই অনিশ্চয়তা থেকে মুক্তি দিতে এবং তাঁদের ভবিষ্যতের কথা চিন্তা করে সকল প্রতিকূলতার মধ্যেও আগামী ১৭ মে থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী সকল অনুষদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
শিক্ষকরা আরও জানান, তাঁরা বিভিন্ন ন্যায্য দাবিতে আন্দোলন করে আসলেও সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনা যেন দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। শাটডাউন কর্মসূচী চললেও পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না বলে তাঁরা আশ্বস্ত করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। শিক্ষকরা প্রশাসনের কাছে পরীক্ষার সময় ক্যাম্পাসে নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবি জানান। একইসাথে তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার এবং নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিভিন্ন ইস্যুতে ক্যাম্পাসে অস্থিরতা ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ‘শাটডাউন’ কর্মসূচী পালিত হওয়ায় পরীক্ষা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সেই জড়তা কাটল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






















