কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মানবদেহের জন্য ক্ষতিকর খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগ উঠেছে “নিপা ট্রেডার্স” নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় থেকে কাশিপুরগামী সড়কের মাঝামাঝি এলাকায় অবস্থিত এই বেকারিটি দীর্ঘদিন ধরে নিয়মনীতির তোয়াক্কা না করে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। সম্পূর্ণ নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে রুটি, বিস্কুট এবং বিভিন্ন ধরনের ভাজাপোড়া জাতীয় খাদ্য প্রস্তুত করা হচ্ছে। উৎপাদনস্থলের চারপাশেই মাছি ও বিভিন্ন রোগজীবাণুর উপদ্রব দেখা গেছে।অভিযোগ রয়েছে, এসব খাদ্য তৈরিতে অত্যন্ত নিম্নমানের উপাদান এবং মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর পোড়া বা বর্জ্য তেল (পাম অয়েল) ব্যবহার করা হচ্ছে।
স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, আইন বহির্ভূতভাবে পরিচালিত এই “নিপা ট্রেডার্স” প্রতিষ্ঠানটির মালিক মো. নাছের উদ্দিন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই মানহীন ও ভেজাল খাদ্যপণ্য উপজেলার বিভিন্ন বাজারে দেদারসে বিক্রি করা হচ্ছে। এসব খাবার খেয়ে এলাকার অনেকেই বিশেষ করে শিশুরা নানাবিধ পেটের পীড়া ও গ্যাস্ট্রিকসহ জটিল রোগে আক্রান্ত হচ্ছে। সচেতন মহল মনে করছেন, অবাধে এই খাদ্য বাজারজাতকরণের ফলে সাধারণ মানুষ চরম স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়েছেন।
জনস্বার্থ রক্ষার্থে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। তারা অবিলম্বে এই কারখানায় তদন্ত পরিচালনা করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।






















