নওগাঁর নিয়ামতপুর উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। খোলা বাজারে কোথাও ডিজেল, অকটেন বা পেট্রোল পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে যানবাহন চালকসহ ব্যবসায়ী ও চাকরিজীবীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার একমাত্র বড় জ্বালানি সরবরাহ কেন্দ্র মেসার্স তরফদার ফিলিং স্টেশন-এও জ্বালানি না থাকায় বুধবার (আজ) সকাল থেকে বিক্রি বন্ধ রয়েছে। পাম্প বন্ধ থাকায় মোটরসাইকেল চালক, পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী ও চাকরিজীবীরা প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারছেন না।
অনেক বাইকচালক ও গাড়িচালক পাম্পে এসে ফিরে যাচ্ছেন। কেউ কেউ বাধ্য হয়ে পাশের উপজেলা বা অন্য এলাকায় গিয়ে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছেন। এতে সময় ও অতিরিক্ত খরচ বেড়ে যাচ্ছে।
স্থানীয়দের ধারণা, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাব জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর পড়তে পারে। পাশাপাশি সরবরাহে সাময়িক ঘাটতি থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তবে দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হলে পরিস্থিতি আগের মতো হয়ে আসবে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ী ও যানবাহন চালকরা।
নিয়ামতপুরে ডিজেল, অকটেন ও পেট্রোল সংকট; পাম্প বন্ধ থাকায় ভোগান্তিতে চালকরা
-
নওগাঁ প্রতিনিধি:
- আপডেট সময় : ০২:৪৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- 44
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















