নওগাঁর নিয়ামতপুরে উপজেলা মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামতপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) নিয়ামতপুরে আয়োজিত এ ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মোর্শেদা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজাউল করিম। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে সমাজের উন্নয়ন ও জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্বও তুলে ধরা হয়।
পরে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামতপুর শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক, 





















