নওগাঁর বদলগাছী ঝুঁকিপূর্ণ ছোট যমুনা নদীর বাঁধ সংস্কারে নওগাঁ জেলা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কোন মাথা ব্যাথা নেই। বিগত বর্ষা মৌসুমে উপজেলার কাষ্টডোব বাঁকে ছোট যমুনা নদীর পূর্বপাশে প্রায় দুই শত ফিট বাঁধ ধ্বসে পড়ে এবং বাঁধের পাকা সড়কের প্রায় দুই ফিটের মত ভেঙ্গে পড়েছে। স্থানীয় লোকজন জানান, বিগত বর্ষা মৌসুমে কাষ্টডোব বাঁকে ভেঙ্গে পড়ার আশঙ্কা দেখা দিলে এলাকাবাসী আতঙ্কে থাকে, পরবর্তীতে নদীর পানি নেমে গেলে প্রায় দুই শত ফিট বাঁধ ধ্বসে পড়ে। আবার সড়কের মাঝখানে হালকা ফাটল ধরে আছে। শুস্ক মৌসুমে ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কার না হলে আগামী বর্ষা মৌসুমে যদি বাঁধ ভেঙ্গে যায় তাহলে এলাকাবাসীকে এর চরম মূল্য দিতে হবে।
পথচারী আলতাফসহ এলাকাবাসী আরো জানান, “নওগাঁর জেলার মধ্যে বদলগাছী উপজেলা উন্নত কৃষি প্রধান এলাকা। এই উপজেলায় ধানের তিন ফসলসহ সারা বছর সবজি চাষ করা হয়। সংস্কারের অভাবে বাঁধ ভেঙ্গে গেলে যে পরিমান বাড়িঘর ক্ষতিগ্রস্ত হবে তার ১০ গুন ক্ষতি হবে ফসলের। ফসল ক্ষতি মানে এলাকাবাসীর স্বপ্ন তলিয়ে যাওয়া। তাছাড়া ছোট যমুনা নদীর এই বাঁধ এলাকাবাসী চলাচলের এক মাত্র পথ। বহু বছর আগে পারসোমবাড়ি থেকে বদলগাছী পর্যন্ত এই বাঁধে পাকা সড়ক নির্মান করা হয়েছে। এক সপ্তাহ যদি বর্ষা লেগে থাকে তাহলে ঝুঁকিপূর্ণ স্থানে সড়কের অর্ধেক ভেঙ্গে পড়ার আশঙ্কা রয়েছে।”
স্থানীয় ইউপি চেয়ারম্যান এ কে এম রেজাউল করিম পল্টন বলেন, “ঝুঁকিপূর্ণ স্থানটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। নইলে এলাকাবাসী ক্ষতির মুখে পড়বে।”
এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ জেলা পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বলেন, “দুইশ তিনশ ফিট ছোটখাটো ভাঙন কোন বিষয় না। পদ্মা নদী দুই কিলো তিন কিলো ভেঙ্গে যায়। সেটা হলো ভাংগন। তার পরেও আমরা বরাদ্দ চেয়েছিলাম পাইনি। যদি পাই তাহলে সংস্কার করা হবে।”






















