বিঘাপ্রতি ৮–১০ হাজার টাকা খরচ করে চাষ করা বরই ধান এখন পানির নিচে। ফসল হারানোর আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন নওগাঁর পোরশা উপজেলার শত শত কৃষক।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিনের টানা বৃষ্টি ও জমে থাকা পানির কারণে পোরশা উপজেলার বিভিন্ন মাঠের পাকা বরই ধান পানির নিচে তলিয়ে গেছে। যে ধান এই সময় ঘরে তোলার কথা ছিল, তা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে করে কৃষকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি বিঘা জমিতে ধান চাষ করতে তাদের খরচ হয়েছে প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা। কিন্তু ফসল ঘরে তোলার ঠিক আগ মুহূর্তে এমন দুর্যোগে তাদের মাথায় হাত পড়েছে। অনেক কৃষকই ঋণ নিয়ে চাষ করেছেন, ফলে ক্ষতির আশঙ্কা আরও বেড়ে গেছে।
এদিকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জরুরি সহায়তা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রাকৃতিক দুর্যোগের এই ধাক্কা সামাল দিতে না পারলে পোরশা উপজেলার কৃষকদের জন্য আসন্ন দিনগুলো আরও কঠিন হয়ে উঠতে পারে।






















