বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুপ্রীম কোর্টের আপীল বিভাগের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, ধানের শীষ সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতীক। ধানের শীষের দল ক্ষমতায় থাকলেই দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়, মানুষ সুখে-স্বাচ্ছন্দ্যে, নিরাপদে থাকে। আগামী দিনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে উন্নত সমৃদ্ধ দেশ গড়তে ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিন।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে মেঘনা উপজেলার কান্দারগাঁও, বড়কান্দা, হরিপুর, রামপুর, সোনাকান্দা, সাতানি, চন্দনপুর ও বড় সাপমারা প্রভৃতি স্পটে কুমিল্লা -১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে গণসংযোগ ও উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের রোষানলে পড়ে তারেক রহমান দীর্ঘদিন নির্বাসনে ছিলেন। এখন দেশে ফিরে এসে বিএনপির হাল ধরেছেন। নির্বাচনে জনগণের সমর্থন পেলে ইনশাআল্লাহ তারেক রহমান দেশেরও হাল ধরবেন। তিনি ফিরে আসায় জনগণ আশাবাদী হয়ে উঠেছে, তিনিই পারবেন, একটি উন্নত নতুন বাংলাদেশ গড়ে তুলতে।
দেশে এখন ধানের শীষের গণজোয়ার। মাঠে ঘাটে, হাটবাজারে শুধুই ধানের শীষের জয়গান।
ড.খন্দকার মারুফ বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণের সরকার প্রতিষ্ঠার প্রয়োজন। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের জন্য কৃষি কার্ড, যা দিয়ে সাশ্রয়ী দামে সার,বীজ,কীটনাশক, কৃষি সরঞ্জাম ও সহজে কৃষি ঋণ পাবেন।




















