আগামী ২৭শে এপ্রিল বিএনপির চেয়ারপারসন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফরকে কেন্দ্র করে মনিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়নে লাগানো হয় পোষ্টার, রাতের আঁধারে যা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার চালকিডাঙ্গা বাজারে গত রাতে কে বা কারা এসব পোস্টার ছিঁড়ে ফেলেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর যশোর আগমন উপলক্ষে ভোজগাতী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে চালকিডাঙ্গা বাজারের বিভিন্ন দেয়ালে ও বৈদ্যুতিক খুঁটিতে কয়েকদিন ধরে ব্যাপক পোস্টারিং করা হয়। তবে আজ সকালে স্থানীয়রা দেখতে পান যে, বাজারের অধিকাংশ পোস্টার ছিঁড়ে মাটিতে ফেলে রাখা হয়েছে। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা এই কাজ করেছে বলে দলীয় নেতাকর্মীদের দাবি।
পোস্টার ছিঁড়ে ফেলার খবর জানাজানি হলে সকাল থেকেই বাজারের দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। তারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ভোজগাতী ইউনিয়ন বিএনপির এক নেতা বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যে উদ্দীপনা তৈরি হয়েছে, তা নস্যাৎ করার জন্যই এই হীন কাজ করা হয়েছে। পোষ্টার ছিঁড়ে নেতাকর্মীদের মনোবল ভাঙা যাবে না।”
এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন এবং অবিলম্বে দোষীদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় পর্যায়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।






















