মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নে পারিবারিক কলহের জেরে ছোট ছেলের হাতে খুন হয়েছেন বৃদ্ধ বাবা এবং গুরুতর আহত হয়েছেন বড় ভাই।
বুধবার (১৫ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে উপজেলার গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকল মিয়া (৮৮), পিতা মৃত আসকর মিয়া। গুরুতর আহত হয়েছেন তার বড় ছেলে শহীদুর রহমান শহীদ (৪৫), যিনি কালাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে আকল মিয়ার সঙ্গে তার ছোট ছেলে মশিক মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন এ বিরোধ চরম আকার ধারণ করলে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। একপর্যায়ে মশিক মিয়া তার হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে বাবা আকল মিয়াকে আঘাত করেন। এতে তার ডান পাঁজরের নিচে গুরুতর জখম হয়।
এ সময় বড় ভাই শহীদুর রহমান এগিয়ে এলে তাকেও নাভীর বাম পাশে ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হন এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শহীদুর রহমানের অবস্থার অবনতি হলে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার পরপরই র্যাব-৯ ও শ্রীমঙ্গল থানা পুলিশ অভিযান চালিয়ে প্রযুক্তির সহায়তায় প্রায় তিন ঘণ্টার মধ্যে কালাপুরের একটি পাহাড়ি এলাকা থেকে অভিযুক্ত মশিক মিয়াকে গ্রেফতার করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের এমন মর্মান্তিক ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, ভাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে—শ্রীমঙ্গলে রক্তাক্ত পারিবারিক কলহ
-
মোঃ জুনাইদ মিয়া সদর প্রতিনিধি মৌলভীবাজার, দৈনিক বাংলা সংবাদ
- আপডেট সময় : ০৯:৩৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- 70
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















