পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের চুচুলী বটতলী হাট/বাজারে ইজারা পরিবর্তনের পর নতুন করে খাজনা আদায়কে কেন্দ্র করে প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয় ব্যবসায়ী ও কৃষকদের মধ্যে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এটি মূলত একটি গ্রামগঞ্জের বাজার—এখানে কোনো সরকারি হাটঘর বা স্থায়ী অবকাঠামো নেই। প্রতিদিনই বাজার বসে, তবে সোমবার ও শুক্রবারকে আনুষ্ঠানিক হাটবার হিসেবে ধরা হয়। তবুও এসব দিনে অতিরিক্ত ধান-চাল বা বড় আকারে বেচাকেনা হয় না; বরং প্রতিদিনের মতোই বিকেল-সন্ধ্যায় বাজার বসে।
দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে হাটটি পরিচালনা করেছেন সাবেক ইজারাদার আশরাফুল ইসলাম। তিনি কেবল দোকান থেকে দৈনিক ৩ থেকে ৫ টাকা পর্যন্ত চাঁদা নিতেন এবং কাঁচামাল বা কৃষিপণ্যের ওপর কোনো ধরনের খাজনা আরোপ করতেন না।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, “এই বাজারে আলাদা করে হাটবারে বেশি বেচাকেনা হয় না। কাঁচামালও নিয়মিত বিক্রি হয় না। তাহলে কাঁচামালের ওপর খাজনা নেওয়ার যৌক্তিকতা কোথায়?
তবে সম্প্রতি নতুন ইজারাদার দায়িত্ব নেওয়ার পর দোকান ও বিভিন্ন পণ্যের ওপর নতুন করে খাজনা নির্ধারণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ব্যবসায়ী ও কৃষকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবি, যেখানে কোনো সরকারি হাটঘর নেই, নিয়মিত বড় ধরনের পাইকারি বেচাকেনাও হয় না-সেখানে কাঁচামাল বা সাধারণ বেচাকেনার ওপর খাজনা আরোপ করা যুক্তিযুক্ত নয়।
এ বিষয়ে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপা মনি দেবীর সঙ্গে কথা হলে তিনি জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে সুষ্ঠু সমাধান প্রত্যাশা করছেন, যাতে ব্যবসায়ী ও কৃষকরা নির্বিঘ্নে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন।
চুচুলী বটতলী বাজারে ইজারাদার পরিবর্তন খাজনা নিয়ে প্রশ্ন
-
মোঃ মামুন রহমান আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৩৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- 34
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















