মির্জাগঞ্জ থানা এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সিয়াম হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি মোস্তফা মৃধাকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে সুবিদখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোস্তফা মৃধা উত্তর সুবিদখালী গ্রামের কেতাব আলী মৃধার ছেলে। তার বিরুদ্ধে আদালতে ০৬টি মাদক মামলা বিচারাধীন আছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, চাঞ্চল্যকর সিয়াম হত্যা মামলায় মোস্তফা মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে।তার বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও একাধিক মাদক মামলা রয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে পটুয়াখালী কারাগারে পাঠানো হয়েছে।
গত ২৩ ডিসেম্বর সিয়াম মির্জাগঞ্জে খালার বাড়িতে বেড়াতে আসে। বিকালে খালাতো ভাই আব্দুল্লাহ আল মাহমুদের সঙ্গে সুবিদখালী সরকারি কলেজ এলাকায় ঘুরতে যায়।
এ সময় কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা বখাটে রাইয়ানের সাথে তাদের কথার কাটাকাটি ও তর্ক বিতর্ক হয়। একপর্যায়ে রাইয়ান ও তার সহযোগীরা তাদেরকে স্থানীয় বালুর মাঠে নিয়ে মারধর করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত্যু ঘোষণা করেন।
নিহত সিয়াম (১৮) পটুয়াখালী সদর থানার ইটবাড়িয়া ইউনিয়নের ঘোপখালি গ্রামের আব্দুল বাসেত তালুকদারের ছেলে।






















