চাঁদপুর জেলা প্রশাসনের অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (১৩ মে ২০২৬) চাঁদপুর সদর থানাধীন ব্যাংক কলোনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত যুবক মো: মিনহাজ গাজী (১৯)। তিনি চাঁদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের জিটি রোড এলাকার আখন্দ বাড়ির বাসিন্দা। তার পিতার নাম মো: জসিম উদ্দিন গাজী এবং মাতার নাম শামছুন নাহার।
অভিযান পরিচালনা করেন বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: মাসুদ রানা। অভিযানে ইয়াবা সেবনের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসামীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মামলায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের পরিদর্শক মো: আবু রেজা মেহেদী হাসান।






















