চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিবি (উত্তর) বিভাগের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ উচ্চমূল্যের মাদক ক্রিস্টাল আইসসহ (আইস) দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য সাড়ে ১৭ লক্ষ টাকা।
ডিবি (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আফতাব হোসেনের নেতৃত্বে টিম-৩১ গত ৪ মে মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে এই সাফল্য পায়। গোপন সংবাদের ভিত্তিতে টিমটি জানতে পারে যে, পাঁচলাইশ থানাধীন ২নং গেইট এলাকার ‘ফিনলে স্কয়ার’ শপিং মলের ৭ম তলায় ‘ক্রিয়েটর্স হাব’-এর ভেতর মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে।
সংবাদ পাওয়ার পরপরই ডিবি পুলিশের আভিযানিক দল সেখানে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করার সময় হাতেনাতে আটক করা হয় দুই যুবককে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৭৫ গ্রাম সাদা রঙের ক্রিস্টাল আইস উদ্ধার করা হয়।
আটককৃত দুই ব্যক্তি হলেন:
১. মোঃ সাজ্জাদুল রহমান সাকিব (২৭): ফটিকছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ডের পরান চৌধুরীর বাড়ির মোঃ সেলিমের পুত্র। বর্তমানে তিনি বায়েজিদ বোস্তামী থানার শীতলঝর্ণা আবাসিকের তৌহিদ ম্যানশনে বসবাস করেন।
২. মোঃ আবু ফয়সাল (২৬): ফটিকছড়ি থানার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকার মৃত ফজলুর রহমানের পুত্র। বর্তমানে তিনি হাটহাজারী থানার আমানবাজার এলাকায় বসবাস করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, উদ্ধারকৃত মাদকসমূহ ফটিকছড়ি এলাকার জনৈক ওমান প্রবাসী মাদক কারবারি চক্রের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। তারা ফিনলে স্কয়ারের ঐ স্থানে মূলত মাদক হস্তান্তরের জন্য অবস্থান করছিল।
পুলিশ জানায়, মাদকের এই আন্তর্জাতিক ও আঞ্চলিক সিন্ডিকেটের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করতে তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তথ্যসূত্র: টিম-৩১, ডিবি (উত্তর) বিভাগ, সিএমপি






















