গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে প্রশাসন ও যৌথবাহিনী পৃথক অভিযান পরিচালনা করেছে। অভিযানে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়েছে।
জানা গেছে, মুকসুদপুর উপজেলার সদর বাজারে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার অভিযোগে শাহজালাল শেখ (৪৮) নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার ফায়ার সার্ভিস সংলগ্ন তার দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত। এ সময় পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ (১) ধারায় তাকে এ অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে ভাটিয়াড়া সেনাবাহিনী ক্যাম্পের সদস্য ও মুকসুদপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
অন্যদিকে একই দিনে কাশিয়ানী উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে অবৈধভাবে মজুত করা প্রায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। জ্বালানি সংকটের সুযোগে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে এ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মুকসুদপুরসহ গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রি বন্ধে নিয়মিত তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।






















