জাতীয় সংসদে গোপালগঞ্জ জেলাকে আলাদা বা বিচ্ছিন্নভাবে না দেখার আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান মোল্লা।
ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের কারণে গোপালগঞ্জের মানুষ যেন কোনো ধরনের বৈষম্যের শিকার না হয়। দেশের অন্যান্য জেলার মতো গোপালগঞ্জকেও সমান গুরুত্ব দিয়ে উন্নয়নের মূলধারায় অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।
সংসদ সদস্য বলেন, গোপালগঞ্জকে কোনো বিশেষ রাজনৈতিক পরিচয়ের কারণে আলাদা করে দেখার সুযোগ নেই। এ জেলার মানুষও দেশের অন্যসব জেলার নাগরিকদের মতোই সমান অধিকার নিয়ে বসবাস করে। তাই উন্নয়ন পরিকল্পনা ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা বণ্টনের ক্ষেত্রে গোপালগঞ্জের প্রতি কোনো বৈষম্য করা উচিত নয়।
তিনি আরও বলেন, তার নির্বাচনী এলাকা কাশিয়ানী-মুকসুদপুর অঞ্চলে বেকারত্ব দূরীকরণ, রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
সংসদে দেওয়া বক্তব্যে তিনি উল্লেখ করেন, একজন জনপ্রতিনিধি হিসেবে ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বরং জনগণের অধিকার ও উন্নয়নের জন্য কাজ করাই তার প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে গোপালগঞ্জ-১ আসন থেকে জয়লাভ করেন মোঃ সেলিমুজ্জামান মোল্লা। দীর্ঘদিন পর এ আসনে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে সংসদে তার এই বক্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই।
নিজস্ব প্রতিবেদক, ইয়াসিন খান: 





















