আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে বাজারে খোলা ও লেবেলবিহীন লাচ্ছা সেমাই বিক্রি ও উৎপাদন নিয়ে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
সংস্থাটি জানিয়েছে, লাচ্ছা সেমাই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর বাধ্যতামূলক সিএম লাইসেন্সের আওতাভুক্ত একটি খাদ্যপণ্য। তাই এই পণ্য উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে বিএসটিআই লাইসেন্স গ্রহণ এবং সঠিক লেবেলসহ প্যাকেটজাত অবস্থায় বিক্রি করা বাধ্যতামূলক। লাইসেন্স ছাড়া এবং খোলা অবস্থায় লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, চলতি পবিত্র রমজান মাসে দেশের ২৯টি সেমাই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী অস্বাস্থ্যকর পরিবেশে পোড়া তেল ব্যবহার করে এবং অনুমোদনহীন বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক যেমন— হাইড্রোজ, নন-ফুড গ্রেড কালার ইত্যাদি মিশিয়ে লাচ্ছা সেমাই উৎপাদন করছে।
এ ধরনের স্বাস্থ্যঝুঁকিপূর্ণ ও ভেজাল লাচ্ছা সেমাই উৎপাদনের দায়ে কয়েকজন অপরাধীকে কারাদণ্ডসহ বিভিন্ন অংকের জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ ভেজাল লাচ্ছা সেমাই জব্দ করে ধ্বংস করা হয়েছে।
খাদ্য কর্তৃপক্ষ সকল খাদ্য ব্যবসায়ীদের লাইসেন্স ছাড়া এবং লেবেলবিহীন খোলা অবস্থায় লাচ্ছা সেমাই বিক্রি না করার জন্য নির্দেশ দিয়েছে।
এছাড়া সাধারণ জনগণকেও লাইসেন্সবিহীন ও মানহীন খোলা লাচ্ছা সেমাই কেনা বা খাওয়া থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
দৈনিক বাংলার সংবাদ নাছিম রেজা , সাতক্ষীরা সদর প্রতিনিধি 





















