কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার সামনে মডেল হাসপাতালের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার পারভেজ বুধবার সকালে (২২/৪/২৬খ্রি.) নিজ প্রতিষ্ঠানে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। মৃত আনোয়ার পারভেজ উপজেলার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকার ইন্তাদুল পুত্র।
উক্ত হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, পারভেজ সকাল থেকেই উক্ত হাসপাতালে অবস্থান করছিলেন। একসময় ভবনের নিচ তলায় একটি রুমে ভেতর থেকে বন্ধ করে দেন। পরে অনেক ডাকাডাকিতেও সাড়া না দেওয়ায় ভেড়ামারা থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে কক্ষের দরজা ভেঙে ভেতর থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।
মৃত আনোয়ার পারভেজের স্ত্রী, ৬ বছর ও ৩মাস বয়সি ২জন পুত্র সন্তান রয়েছে। তাঁর মা আন্না বেগম বলেন, বাড়িতে কারো সাথে কোন ধরনের ঝগড়া ছিল না। গতকাল মঙ্গলবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যায় এবং রাত্রে হাসপাতালে ছিল। সকালে তার বাবার সঙ্গে কথা হয়। তখন সে বলে, ওটি আছে। বাড়ি যেতে দেরি হবে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান বলেন, ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।






















